বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কোমলমতি শিক্ষার্থীকে অপমানজনক শাস্তি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে।
জানা যায়, গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা আমগাছ থেকে পঞ্চম শ্রেণির একজন ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী দুটি করে আম পেড়ে খায়। এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল প্রধান শিক্ষিকা গোল সাহানারা ওই শিশুদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরান।
ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে ৩ মে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেন। পরদিন ৪ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করে।
বরখাস্তের আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের ‘চোর’ হিসেবে চিহ্নিত করে এভাবে ঘোরানো প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, এটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। পরবর্তী ধাপে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
Reporter Name 


















