সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ডাকাতির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে মো: সেলিম ফকির (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একাধিক চুরি ও দস্যুতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার আরও দুই সহযোগী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুদি ব্যবসায়ী সুজন মজুমদারের বাড়িতে গভীর রাতে সিঁদ কেটে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দেয়।
একপর্যায়ে স্থানীয়রা সেলিমকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সদস্য লুট করা মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, নিহত সেলিমের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার অন্তত ৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















