বগুড়ার সোনাতলায় নকল করার দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শনকালে সহকারী কমিশনার মোঃ শাহাজালাল তাকে বহিষ্কার করেন। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম মোঃ মামুন মিয়া। সে আউচার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কেন্দ্র সচিব মোঃ আহসান হাবিব ও অফিস সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় আজকে (রবিবার) পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। বহিষ্কৃত ওই পরীক্ষার্থী ২০২ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল। এসময় উক্ত কক্ষে প্রবেশ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাজালাল। পরীক্ষা চলাকালে উক্ত পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার তাকে সার্চ করেন এবং তার কাছে সমাধান করা পুরো প্রশ্নের কপি দেখতে পান। তৎক্ষণাত তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব মোঃ আহসান হাবিব বলেন, ‘আমরা নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স। পরীক্ষার হলে যেকোনো অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে আমরা সদা তৎপর রয়েছি।’
লতিফুল ইসলাম 


















