স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার গ্রেফতারকৃত আসামি নুর ইসলাম ওরফে নুনু শেখের (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার বগুড়ার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর ইসলাম সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি শেখপাড়া এলাকার মৃত আফছার আলীর ছেলে। তিনি বর্তমানে ওই মামলায় হাজতিতে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ ও আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে, আলোচিত এ মামলায় গ্রেফতার আসামির জামিন আবেদন আদালত নামঞ্জুর করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
Reporter Name 


















