বগুড়ার সোনাতলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও কো-অর্ডিনেটররা সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি শাহানুর আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাওলানা জিল্লুর রহমান, আফজাল হোসেন, আনিছুর রহমান, আব্দুল হামিদ মণ্ডল, সাজাহান আলী মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক শাহার আলী, কারী ইসমাইল হোসেন ও রবিউল আসলামসহ অন্যান্য শিক্ষকরা।
শিক্ষকরা জানান, ১৯৯৩ সাল থেকে পরিচালিত এ প্রকল্প দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে দেশের প্রায় ৭১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী স্বল্প ভাতায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে— প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি গ্রেড অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।
স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও স্বীকৃতি প্রামানিক বলেন, “মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের অবদান প্রশংসনীয়। শিক্ষকদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।”
এ সময় উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
মোঃ লতিফুল ইসলাম 


















