স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে শাহাদত নামে আরেক শিক্ষার্থীর কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















