সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে নিহত স্কুলশিক্ষার্থী মুস্তাকিম হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিমকে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, একই উপজেলার নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় মুস্তাকিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই রাজীব হোসেন শুক্রবার রাতে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে ঘুঘুমারী দক্ষিণ পাড়া গ্রামের শাহাদাত হোসেন (১৯), শাহা আলী (৫৫) ও লিখন মন্ডলকে (৩২)।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, মামলার ৩ নম্বর আসামি লিখন মন্ডলকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 


















