স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে কয়েকটি লিচু পাড়ার অভিযোগে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ওই ভিডিওকে কেন্দ্র করে প্রশাসনও নড়েচড়ে বসেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পীরব সিহালী সরকারপাড়া গ্রামের বাসিন্দা কাওছার হোসেন (১১) নামে এক শিশুকে লিচু চুরির অভিযোগে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। অভিযোগ রয়েছে, তাকে ‘চোর’ আখ্যা দিয়ে গলায় একটি কাগজও ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে একই এলাকার একটি লিচু বাগানে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, শিশুটি কান্নাজড়িত কণ্ঠে নিজেকে নির্দোষ দাবি করে বারবার ক্ষমা চাইছিল। তবে অভিযোগ অনুযায়ী, উপস্থিত কয়েকজন ব্যক্তি তার প্রতি মানসিকভাবে অপমানজনক আচরণ অব্যাহত রাখেন। পরে স্থানীয় সচেতন ব্যক্তিদের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে এমন আচরণকে ‘অমানবিক’ ও ‘শিশু অধিকারের চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন। মানবাধিকারকর্মীরাও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি উচ্চপর্যায়ে নজরে এলে স্থানীয় প্রশাসনকে শিশুটির খোঁজখবর নেওয়া, চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে শিশুটির পরিবারের আর্থিক অবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের আশা, শিশুর প্রতি এমন নির্মম আচরণের বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমে আসবে এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে সমাজে।
Reporter Name 


















