স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেছেন, “জোড়গাছা ইউনিয়নবাসী আমার পরিবার। তাদের ভালোবাসা, আস্থা ও ভোটেই আমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। জনগণের এই ভালোবাসার ঋণ উন্নয়ন ও সেবার মাধ্যমে শোধ করতে চাই।”
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভেলুরপাড়া ড. এনামুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম রব্বানী আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি সবসময় ইউনিয়নবাসীর পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা বাবলা ও যুবদল নেতা আমিনুল ইসলাম। বক্তারা জোড়গাছা ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে চেয়ারম্যান গোলাম রব্বানীর অবদানের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে জোড়গাছা ইউনিয়ন পরিষদের সকল সদস্য, দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















