সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা কলেজ ভবনে আগুন জ্বলতে দেখে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে প্রতিষ্ঠানটির তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের তীব্রতায় ভবনের টিন ও দেয়ালেরও ক্ষতি হয়েছে। বর্তমানে ভবনের কেবল ইটের দেয়াল ও ক্ষতিগ্রস্ত টিনের কাঠামো দাঁড়িয়ে রয়েছে।
প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম বলেন, “ভোরে খবর পেয়ে এসে দেখি প্রতিষ্ঠানটির অনেক কিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হবে। আমরা আশঙ্কা করছি, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি জানা যাবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 


















