সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে একটি মহিষের বাথান থেকে চার রাখালকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
অপহৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের ইউনুস মন্ডল (৫০), মফের মন্ডল (৪০), চকবাদিকুলপাড়া গ্রামের মাসুদ মন্ডল (৩২) এবং মহড়কয়া গ্রামের ফারুক মন্ডল।
মামলার তথ্য অনুযায়ী, নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা ইউনুছ আলী সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ১৬০টিরও বেশি মহিষ নিয়ে একটি বাথান পরিচালনা করেন। সেখানে মহিষের দেখভালের জন্য আটজন রাখাল নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি নৌকায় করে ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাথানে প্রবেশ করে। তারা কয়েকজন রাখালকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় অন্য রাখালরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করেন। পরিস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত চার রাখালকে নৌকায় তুলে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও সহকর্মীরা তাদের নিরাপদ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
মামলার বাদী ইউনুছ আলী বলেন, “এখনও পর্যন্ত অপহৃত রাখালদের কোনো সন্ধান মেলেনি। তারা কোথায় আছে বা কী অবস্থায় আছে, তা আমরা জানি না। এ ধরনের ঘটনা চলতে থাকলে চরাঞ্চলে মহিষ পালন করা কঠিন হয়ে পড়বে।”
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট নৌ পুলিশেরও নজরদারিতে রয়েছে।
স্থানীয়দের দাবি, চরাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
Reporter Name 


















