সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সিচারপাড়া গ্রামের নিহাত মিয়া (১৫) ও তার দুলাভাই জিতু মিয়া (২৫) পার্শ্ববর্তী গোবরচাপা বিলের জলকপাট এলাকায় ঘুরতে যান। এ সময় বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের রঞ্জু মিয়া ও তার সহযোগীদের সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় নিহাত ও জিতুকে মারধর করা হয় এবং তাদের সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
পরে এ ঘটনার বিচার দাবি করতে সিচারপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা রশিদপুর গ্রামে গেলে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে লতিফা আক্তার (৩৮), শাকিল মিয়া (২৫), সানজিদ (১৬), শামিরুল ইসলাম (১৫), নাজমুল ইসলাম (৩৫), আজমল হোসেন (৫০) এবং শাকিব (১৯) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সিচারপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম দাবি করেন, তার জামাতা ও ভাতিজার কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















