সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে একটি রেস্তোরাঁ থেকে বিস্ফোরক মামলার আসামি হিসেবে চিকিৎসক ও সংগঠক ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলা সদরের একটি চাইনিজ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বগুড়া শহরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাগেরহাটে কর্মরত রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডা. মিশুকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন ঘনিষ্ঠ সহকর্মী চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডা. মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় ডা. মিশুর নাম রয়েছে।
উল্লেখ্য, ডা. সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















