সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় ছাগলে পাটক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী (ভেগির তাইড়) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মাসুদ রানার একটি ছাগল প্রতিবেশী মাহফুজার রহমান মাফুর পাটক্ষেতে ঢুকে পাটগাছ খেয়ে ও নষ্ট করে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুলালী বেগম (২৪), মাসুদ রানা (৩২), শামসুল হক (৫৬)সহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুলালী বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















