সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, দুই ইউপি সদস্য এবং তিনজন নারী বাউল শিল্পীকে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ না পাওয়ায় থানা হেফাজত থেকে ছেড়ে দিয়েছে সাঘাটা থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হলে থানা প্রাঙ্গণে উপস্থিত চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি অভিযোগ পাওয়ার পর সাঘাটা উপজেলার একটি বাগানবাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় সেখানে একটি বাউল গানের আসর চলছিল। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান, দুই ইউপি সদস্য ও তিনজন নারী বাউল শিল্পীকে থানা হেফাজতে নেওয়া হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে অভিযোগের সত্যতা কিংবা কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় শুক্রবার দুপুরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানের সঙ্গে থাকা তিন নারী বাউল শিল্পীকে কোনো আপত্তিকর অবস্থায় পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগের সত্যতা মেলেনি।
এদিকে, শুক্রবার সকাল থেকেই চেয়ারম্যানের মুক্তির দাবিতে তার সমর্থক ও স্থানীয়রা সাঘাটা থানা প্রাঙ্গণে জড়ো হন। পরে দুপুরে চেয়ারম্যানসহ ছয়জনকে মুক্তি দেওয়া হলে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা না পাওয়ায় এবং আইনগতভাবে আটকে রাখার মতো কোনো ভিত্তি না থাকায় সংশ্লিষ্ট সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।
সুলতান আহম্মেদ 


















