সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি টানা কয়েকদিন ধরে বাড়ছে। গত তিন দিনে নদীর পানির উচ্চতা ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৭২ মিটার। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৩৮ মিটারে, বৃহস্পতিবার ১৪ দশমিক ৫৯ মিটার এবং শুক্রবার ১৪ দশমিক ৭১ মিটারে পৌঁছায়। অর্থাৎ মাত্র তিন দিনে নদীর পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে।
বর্তমানে যমুনার পানি বিপৎসীমার ১ দশমিক ৫৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীর সঙ্গে সংযুক্ত বিভিন্ন মরা খাল ও জলাশয়ে নতুন করে পানি প্রবেশ করেছে। এতে চরাঞ্চলের বাসিন্দাদের নৌকায় চলাচল সহজ হয়েছে।
এদিকে নদীতে প্রচুর কচুরিপানা ভেসে আসতে দেখা যাচ্ছে। একই সঙ্গে নদীতীরবর্তী নিচু এলাকার কিছু গো-চারণভূমিও পানিতে তলিয়ে গেছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে পানি এখনও বিপৎসীমা থেকে অনেক নিচে রয়েছে এবং খুব শিগগিরই এ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
Reporter Name 


















