সোনাতলা সংবাদ ডেস্কঃ র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের যৌথ অভিযানে বগুড়ার সোনাতলা উপজেলার অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন (১৮) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফপুর এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সোনাতলা উপজেলার হাঁসরাজ এলাকার জহুরুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৯ মে বিকেলে ওই কিশোরী বাড়ির পেছনের রাস্তায় বের হলে ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক নম্বরবিহীন একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে র্যাব অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


















