সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার (সাঘাটা), গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) উপজেলার সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সাঘাটা থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে নজরদারি এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার সাদা পোশাকে পুলিশের একটি বিশেষ দল সতীতলা সাহেব বাজার এলাকায় গোপন অবস্থান নেয়। বিভিন্ন হোটেল ও সম্ভাব্য স্থানে নজরদারির একপর্যায়ে আত্মগোপনে থাকা মুকুল ওই এলাকার একটি হোটেলে প্রবেশ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হত্যা মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি হিসেবে মোখলেছুর রহমান মুকুলের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে প্রায় ১০ দিন পর পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হলো।
স্থানীয়দের প্রত্যাশা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার
-
Reporter Name - ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- ২১৬
Tag :
জনপ্রিয়



















