সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে মাঝবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) ও খাজা প্রামাণিক (৬০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা বগুড়া জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মোট নয়জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন লিটন সাকিদার (৪০), রিপন আহমেদ (৩২), মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), সায়েদজ্জামান সাকিদার (৬২), সহিদ ইসলাম সাকিদার (৩১), মন্তেজার রহমান সাকিদার (৫৫), দিলেরা বেগম, তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) ও মুন প্রামাণিক (২৮)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে লিটন সাকিদারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।
এ ছাড়া আহত রিপন আহমেদ ও মুহিদুল ইসলাম সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















