সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশের নিয়মিত অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হত্যা মামলার ৫ জন আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন পলাতক মাদক ব্যবসায়ী রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে অভিযান চালিয়ে লিটন সাকিদার হত্যা মামলার প্রধান অভিযুক্ত আমিরুল ইসলাম ওরফে পিন্টু (৪৩), আতাউর রহমান আরিফ প্রামানিক (৪২), মুকুল মিয়া (৪২), সুমন মিয়া (৪২) ও আতিকুর রহমান ওরফে লাজু প্রামানিক (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী লাজু ওরফে নাজু প্রামানিক (২৫), মাজেদা খাতুন এবং বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সারিয়াকান্দি থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে থানার বিশাল এলাকা ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তসহ বিভিন্ন দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও প্রতিরোধে জনগণের সহযোগিতার কোনো বিকল্প নেই। তাই সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষায় সারিয়াকান্দি থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Reporter Name 


















