সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে একটি হত্যা মামলার দুই আসামিসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে ১৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের লিটন সাকিদার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. তাহেরুল ইসলাম (৪৭) ও মো. মামুন মিয়া ওরফে মুন (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি নিয়মিত মামলার অভিযুক্ত মো. রায়হান শরিফ (৪৫)-কেও আটক করা হয়।
একই অভিযানে উপজেলার বাড়ইপাড়া এলাকার বাসিন্দা মো. রাসেল (৩৩)-কে ১৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আটকদের সারিয়াকান্দি থানায় নিয়ে আসার পর মাদকসহ আটক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়। পরে চারজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ এক বার্তায় জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে থানা এলাকার বিস্তৃতি ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় সব ধরনের সেবা কাঙ্ক্ষিত মাত্রায় দেওয়া চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তাও দিয়েছে।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৪, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
-
Reporter Name - ০৪:০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- ১৫৭
Tag :
জনপ্রিয়



















