সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়কে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সামাদ-রবিন-পবন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ টুর্নামেন্টে হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মণ্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম। তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শুভ উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান দুলু। তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা থানার এসআই মো. আল আমিন এবং সমাজসেবক মো. গোলাম হোসেন ব্যাপারী। তাঁরা খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ফাইনাল ম্যাচে সাঘাটা ন্যাশনাল ক্লাবের মুখোমুখি হয় বাদিনারপাড়া একতা ক্লাব। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত দারুণ দলগত নৈপুণ্য প্রদর্শন করে বাদিনারপাড়া একতা ক্লাব ৩-০ গোলের ব্যবধানে সাঘাটা ন্যাশনাল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। বিজয়ী দলের দুর্দান্ত আক্রমণভাগ ও শক্তিশালী রক্ষণভাগ দর্শকদের প্রশংসা কুড়ায়।
খেলা পরিচালনা করেন রাজিব, এস. আর. সাব্বির, তুহিন ও মৃদুল। তাঁদের দক্ষ পরিচালনায় ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় তাঁরা আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রয়াত সামাদ, রবিন ও পবনের স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং “যুবসমাজকে রক্ষা করি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এবারও টুর্নামেন্টটির আয়োজন করে সাঘাটা ন্যাশনাল ক্লাবের সদস্যবৃন্দ। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
Reporter Name 


















