সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার সন্যাসী ধোন্দাকোলা গ্রামের রমেন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয় কুমার (১৯) ও তাঁর চাচাতো ভাই প্রদেশ মণ্ডলের ছেলে বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা দলের সমর্থক। একই গ্রামের তাপসের ছেলে তন্ময় (২২) এবং স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থক।
গত ৬ জুলাই রাত প্রায় ৮টার দিকে ফুটবল দলকে সমর্থন করে ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জয় কুমার ও বিশাল কুমার গুরুতর আহত হন।
পরিবারের সদস্যদের অভিযোগ, জয় কুমারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে। আহত দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জয় কুমার চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
জয়ের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করে বলেন, ফুটবল দলকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কয়েকজন যুবক তাঁর ছেলে ও ভাতিজার ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, খেলাধুলা আনন্দ ও সম্প্রীতির প্রতীক হলেও সামান্য বিষয়কে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে পড়া উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে সংযত আচরণ এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।
Reporter Name 


















