গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ আসন্ন স্থানীয় ইউপি নির্বাচন যতই ঘনিয়ে যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী হওয়া। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপি নির্বাচন আলোচনায় থাকা ৪ হেভিওয়েট প্রার্থী নির্বাচনী মাঠ এখন থেকেই করছে গরম।
এদের মধ্যে উন্নয়নের বার্তা নিয়ে মাঠে তৎপর রায়নগর ইউনিয়নের মহাস্থানের কৃতি সন্তান হাফিজুর রহমান হিরু। তিনি শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সামাজ সেবক। এলাকায় সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
বিগত নির্বাচনে তিনি ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচনী হিসাব অনুযায়ী তিনি ৫,৭৮৯টি বিপুল ভোট পেয়ে নিজের শক্তিশালী অবস্থান জানান দিয়েছিলেন।
আসন্ন রায়নগর ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।
শুধু মৌখিক প্রতিশ্রুতিই নয়, তিনি নিজস্ব উদ্যোগে এলাকার ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন নিজেকে। ভোটারদের বেশ সাড়াও পাচ্ছেন।
এদিকে রায়নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী মাঠে যার নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে, তিনি হলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তীব্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় কারা নির্যাতন ভোগ করেছেন। মাঠের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর এই ত্যাগ আলাদা সহানুভূতি ও সম্মান তৈরি করেছে।
তৃণমূলের নেতাকর্মীদের সাথে তাঁর সুদৃঢ় সম্পর্ক রয়েছে। রায়নগরের প্রতিটি গ্রামে তাঁর একটি নিজস্ব ভোটব্যাংক তৈরি হয়েছে, যা তাঁকে নির্বাচনী দৌড়ে অনেকখানি এগিয়ে রাখছে।
একই ইউনিয়নের শফিকুল ইসলাম শাহীন তিনি রায়নগর ইউনিয়ন নির্বাচন করতে পোস্টার ও প্রচারণায় অগ্রগামী।
নির্বাচনী মাঠের আরেক পরিচিত মুখ তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন। আসন্ন রায়নগর ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে তিনিও শক্ত অবস্থানে রয়েছেন। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই তিনি পুরো ইউনিয়নজুড়ে ব্যানার, ফেস্টুন ও রঙিন পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
এদিকে তরুণ নেতৃত্বের নতুন চমক দিচ্ছেন রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের প্রতিনিধি হিসেবে মাঠ মাতাচ্ছেন তরুণ সমাজসেবক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।
তরুণ এই নেতা ইতিমধ্যে নির্বাচনী মাঠে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন। তাঁর আধুনিক মনস্তত্ত্ব ও তারুণ্যের উদ্দীপনা ভোটারদের, বিশেষ করে নতুন ভোটারদের আকৃষ্ট করছে।
তিনি প্রতিনিয়ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সুসম্পর্ক ও গভীর সেতুবন্ধন তৈরি করছেন। এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
রায়নগর ইউনিয়নের সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন চেয়ারম্যান চান যিনি এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করবেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়বেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।
বর্তমানে এই ৪ প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় যেমন লবিং চালিয়ে যাচ্ছেন, তেমনি সাধারণ মানুষের মন জয়ে দিনরাত পরিশ্রম করছেন। শেষ পর্যন্ত রায়নগর ইউনিয়নের সাধারণ জনগণ কার গলায় বিজয়ের মালা পরাবেন, তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আপাতত এই চার নেতার লড়াইয়ে রায়নগরের নির্বাচনী মাঠ পুরোপুরি উত্তপ্ত ও সরগরম।
Reporter Name 


















