সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বর্ষণে বগুড়ার সোনাতলায় যমুনা ও বাঙালি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের বিভিন্ন ফসলের জমি, যা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পানি বাড়তে থাকায় বিভিন্ন চর ও নিম্নাঞ্চলে বসবাসকারী অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। কোথাও নৌকায় করে ঘরের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে, আবার কোথাও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমনের বীজতলা, পাট, কলা, পেঁপে এবং বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বশেষ হিসাবে প্রায় ৫১ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফসলের ক্ষতির কারণে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে স্থানীয় বাজারে শাক-সবজির দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এদিকে নদীর তীব্র ভাঙনে অনেক এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, সাম্প্রতিক বন্যায় সোনাতলায় প্রায় ৫১ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণের কাজ এখনও চলমান রয়েছে।
Reporter Name 


















