সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বিজয় কিশোর বালিকা বিদ্যালয় বর্তমানে শিক্ষার্থী সংকটে ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মুখে পড়েছে। বিদ্যালয়টির অধিকাংশ ছাত্রী সম্প্রতি নতুন প্রতিষ্ঠিত আরেকটি বিদ্যালয়ে ভর্তি হওয়ায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার পূর্বে মধুপুর ইউনিয়নের হরিখালী খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় ২০২৩ সালে ২২ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিজয় কিশোর বালিকা বিদ্যালয়। শুরু থেকেই বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির পর প্রায় ৭০ থেকে ৭৫ জন শিক্ষার্থী নতুন প্রতিষ্ঠিত হরিখালী মডেল বালিকা বিদ্যালয়ে চলে যায়। বর্তমানে তারা সেখানে নিয়মিত ক্লাস ও ষান্মাসিক পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিংকি খাতুন এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি আক্তার, জিসা মনি ও জিতা খাতুন জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টিতে পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান সন্তোষজনক ছিল। এছাড়া পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় থাকায় নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজীব প্রসাদ জয় সোয়াল বলেন, বর্তমানে প্রায় ২০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। নতুন শিক্ষার্থী ভর্তি এবং বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে তারা আন্তরিকভাবে কাজ করছেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী বলেন, শিক্ষকদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তা সমাধানের চেষ্টা চলছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম বলেন, বিদ্যালয়টি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এর শিক্ষার মান সন্তোষজনক। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Reporter Name 


















