সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক রাতেই একই ব্যক্তির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্বকরমজা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা গেছে, পূর্বকরমজা গ্রামের মৃত খবিবর রহমানের ছেলে আমিনুল ইসলামের বরেন্দ্র সেচ পাম্পে স্থাপিত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। এতে আমিনুল ইসলামের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগী আমিনুল ইসলাম সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত সাত মাসে সোনাতলা উপজেলায় ৭২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Reporter Name 


















