সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়িতে টানা বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটির ওই অংশ দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোসাইবাড়ি ঈদগাহ পর্যন্ত বিস্তৃত সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ। সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য বসতবাড়ি। এসব বাড়ি সড়কের তুলনায় অপেক্ষাকৃত উঁচু হওয়ায় বৃষ্টির পানি নেমে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। দীর্ঘদিন ধরে পানি চলাচলের কারণে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি কয়েকদিনের টানা বর্ষণে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই পথে সরাসরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের পাশে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বিদ্যালয়ে যাতায়াতে অনাগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামছুল আলম, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু ও ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, সড়কটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৭টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করেন। সড়কটি ভেঙে যাওয়ায় এখন পথচারীদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ উভয়ই বেড়েছে।
এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সড়কটির উন্নয়ন ও কার্পেটিংয়ের জন্য ইতোমধ্যে হেয়ারিং সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। সড়কটি সংস্কার ও কার্পেটিং করতে সরকারের প্রায় ৮০ লাখ টাকা ব্যয় হবে।
Reporter Name 


















