সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে সোনাতলা থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ভুক্তভোগী নারী মামলাটি দায়ের করেন। বিচারক আনোয়ারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী নাহিদ পারভেজ জনি।
মামলার আসামিরা হলেন সোনাতলা উপজেলার সাতবেকী গ্রামের সাদিক বেপারী (২৫), একই গ্রামের ঋাতু মিয়া (২৩) এবং হাঁসরাজ গ্রামের হিরু মিয়া (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ভুক্তভোগীর স্বামী মারা যাওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে বগুড়া সদরে বসবাস করছিলেন। এ সময় সাদিক বেপারী তাকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে রাজি না হলেও পরে মোবাইল ফোন ও ইমো অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১৬ জুলাই বিয়ের কথা বলে সাদিক তাকে সোনাতলার চরপাড়া বাসস্ট্যান্ডে ডেকে নেন। পরে অপর দুই আসামির সহযোগিতায় তাকে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরানোর পর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে কাজী না আসার কথা জানিয়ে অন্য দুজন চলে গেলে সাদিক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী নাহিদ পারভেজ জনি বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে সোনাতলা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বুধবার বিকেলে বলেন, আদালতের নির্দেশনা এখনো থানায় পৌঁছায়নি। নির্দেশনা হাতে পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র- আরটিভি
০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণের অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা
-
Reporter Name - ০৫:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- ১২০৮
Tag :
জনপ্রিয়



















