সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের হলরুমে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক প্রার্থী অংশ নেন।
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেন।
নিয়োগ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পবন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী জানান, দীর্ঘ প্রস্তুতির পর তারা নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের প্রত্যাশা, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রার্থীদের মৌখিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করে যোগ্যদের নির্বাচন করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুষ্ঠু, গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে এ ধরনের নিয়োগ প্রক্রিয়া সরকারি কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।
Reporter Name 


















