সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভায় ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি যানজট কমবে এবং নাগরিকদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে পৌর এলাকার পাঁচটি সড়ক কার্পেটিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে লটারির মাধ্যমে কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়। লটারিতে কাজটি পায় মেসার্স কাসেম ট্রেডার্স। তবে প্রকল্পের বাস্তবায়ন কাজ করছে মেসার্স শিল্পী ট্রেডার্স।
প্রকল্পের আওতায় মোট ১ হাজার ১৬৫ মিটার সড়কে উন্নয়ন কাজ করা হবে। এর মধ্যে রয়েছে—সোনাতলা সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলা পরিষদের দক্ষিণ গেট পর্যন্ত সড়ক, সোনাতলা প্রেস ক্লাব হয়ে স্টেশন রোড, গাজীর মোড় থেকে ঘোড়পীর বাসস্ট্যান্ড সড়ক, স্মরণীকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মোড় থেকে হাসপাতাল সড়ক এবং সোনাতলা সাব-রেজিস্ট্রার অফিস হয়ে সোনাতলা মিনি স্টেডিয়াম ও রেললাইন সড়ক।
শনিবার (২৫ জুলাই) এসব সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনাতলা পৌর প্রশাসক জুয়েল মিয়া।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার ইঞ্জিনিয়ার শাহীন মিয়া, ঠিকাদার আশরাফুল ইসলাম, সেলিম আল হাসান লিটন, ইকবাল আজম ডাবলুসহ সংশ্লিষ্টরা।
পৌরবাসীর প্রত্যাশা, সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল আরও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে যানজটের চাপ কমার পাশাপাশি পৌর এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও নাগরিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
Reporter Name 


















