গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে সিগন্যাল জটিলতায় একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসার ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চার যাত্রী আহত হয়েছেন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেনের যাত্রী ও রেলকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ট্রেন (৪৯২ নম্বর) সুখানপুকুর রেলস্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন একই লাইনে মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনটিকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। তদন্তে কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















