স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশের নিয়মিত অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও এক পেশাদার চোরসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে থানার একটি দল উপজেলার হাটফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ মো. বুলবুল আহম্মেদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি হাটফুলবাড়ী এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. শামসুল হক।
এছাড়া নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পেশাদার চোর মো. মন্তাসির রহমান মামুন (১৯), পিতা মো. নয়ন মিয়া, গ্রাম বুরুইল এবং অপর একটি নিয়মিত মামলার অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সারিয়াকান্দি থানায় নিয়ে আসার পর মাদকসহ আটক বুলবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, সীমিত জনবল নিয়েও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে থানার বিশাল কর্মপরিধি ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মামলার তদন্তসহ বিভিন্ন দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
পুলিশ অপরাধ দমন ও নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিক সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে থানা পুলিশ।
Reporter Name 


















