স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণিবাড়ী এলাকার যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান জানান, সরকারি অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকিস্বরূপ। অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















