মাল্টিমিডিয়া রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলার চামুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল জলিল দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। বিদ্যালয়টির জন্মলগ্ন থেকে শুরু করে দীর্ঘ এই পথ চলায় তাঁর অবদানকে স্মরণ করতে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সূর্যোদয় লগ্ন থেকেই মো: আব্দুল জলিল শিক্ষকতার মহান ব্রত নিয়ে যুক্ত ছিলেন। দীর্ঘ ৩৮ বছর ধরে নিরলসভাবে তিল তিল করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তিনি অজস্র শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো বিতরণ করেছেন। তাঁর নিখুঁত শিক্ষাদান ও আদর্শের ছোঁয়ায় গড়ে ওঠা শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় ও কর্মে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেহেদী হাসান রাবি-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মশিউর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিত্ব আতাউর রহমান, ওসমান গনি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক, মোচ্ছা: সুফিয়া বেগম, এবং সোনাতলা সদর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সাইবেনি বেগম।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মোঃ আশিকুর রহমান আশিক, সঞ্জীবুর রহমান সজীব, সাব্বির হোসেন শান্ত এবং মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষক আব্দুল জলিলের দীর্ঘ কর্মজীবনের সততা, আদর্শ, নিষ্ঠা ও অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে তুলে ধরেন। তারা উল্লেখ করেন, স্যারের আদর্শ ও অনুশাসন লালন করেই শিক্ষার্থীরা আজ সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং আজও তাকে পরম শ্রদ্ধায় স্মরণ করে।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবেগাপ্লুত কন্ঠে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মো: আব্দুল জলিল। দীর্ঘদিনের পথচলা, স্কুলের ইতিহাসের সাথে নিজের জড়িয়ে থাকা স্মৃতি এবং প্রিয় শিক্ষার্থীদের সাথে কাটানো নানা স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন, যা উপস্থিত সকলকে আবেগতাড়িত করে।
Reporter Name 


















