সোনাতলা সংবাদ ডেস্কঃ নারী ও শিশুদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সম্মানজনক গণপরিবহন নিশ্চিত করতে বগুড়ায় চালু হতে যাচ্ছে বিশেষ বাস সার্ভিস। এ সেবার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বগুড়া বাস ডিপোতে দুটি নতুন বাস পৌঁছেছে। সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো, এসব বাসের চালক, সুপারভাইজারসহ পরিচালনাসংশ্লিষ্ট সব কর্মীই হবেন নারী।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নারীদের প্রতি সম্মান প্রদর্শন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং গণপরিবহনে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে বাস দুটি নিয়মিত যাত্রীসেবা দেওয়া শুরু করবে।
তবে বাসগুলোর নির্ধারিত রুট ও ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হওয়ার পর মন্ত্রণালয় থেকে বাসের রুট ও ভাড়ার বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হবে। নির্দেশনা হাতে পেলেই বাস দুটি সড়কে চলাচল শুরু করবে।
সংশ্লিষ্টদের আশা, নারী পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু হলে নারী ও শিশুদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বস্তি বাড়বে এবং নারীবান্ধব পরিবহন ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Reporter Name 


















