স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে বহুল প্রতীক্ষিত শিহিপুর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে। দীর্ঘ এক দশক ধরে ঝুলে থাকা এ দাবির বিষয়ে সম্প্রতি নতুন আশার সঞ্চার হয়েছে। অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তা বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের নজরে আসে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শিহিপুর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের অগ্রগতি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তিনি জানান, তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সোনাতলা উপজেলার দিকদাইর, জোড়গাছা ও পাকুল্লা—এই তিন ইউনিয়নের সমন্বয়ে শিহিপুর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
ফেসবুক পোস্টে সংসদ সদস্য লিখেছেন, “নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সোনাতলা উপজেলার দিকদাইর, জোড়গাছা এবং পাকুল্লা এই তিনটি ইউনিয়নের সমন্বয়ে শিহিপুর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে। আশা করা যায়, খুব শিগগিরই এই তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”
এর আগে গত ১৭ জুলাই সোনাতলা সংবাদে ‘সোনাতলার “শিহিপুর পুলিশ ফাঁড়ি” স্থাপন কার্যক্রম এক দশকেও আলোর মুখ দেখেনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দীর্ঘদিন ধরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন না হওয়া এবং স্থানীয়দের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নজরে আসে বলে জানা গেছে। এরপর তিনি ওই এলাকার মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সহজে পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে শিহিপুর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন।
স্থানীয়দের প্রত্যাশা, তদন্ত কেন্দ্রটি চালু হলে দিকদাইর, জোড়গাছা ও পাকুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি কোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশি সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
Reporter Name 


















