সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় অভিযান চালিয়ে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের একটি দল পীরগাছা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মোহাম্মদ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন গাবতলী উপজেলার সাতচুয়া রামেশ্বরপুর গ্রামের জামান মণ্ডলের ছেলে। তিনি রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগাছা বাজার থেকে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 


















