প্রেস রিলিজ: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হাট এলাকার বামুনিয়া গ্রামে জননিরাপত্তা বৃদ্ধি ও রাতে মানুষের চলাচল সহজ করতে আটটি সোলার লাইট স্থাপন করেছে সামাজিক সংগঠন বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠন।
শুক্রবার (১৪ আগস্ট) বামুনিয়া গ্রামের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এসব সোলার লাইট স্থাপন করা হয়। প্রতিটি লাইট স্থাপনে প্রায় ৮ হাজার টাকা করে ব্যয় হয়েছে। সে হিসাবে আটটি লাইট স্থাপনে মোট ব্যয় হয়েছে প্রায় ৬৪ হাজার টাকা।
সংগঠনটির সদস্যরা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ সড়কগুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পথচারীদের চলাচলেও নানা সমস্যায় পড়তে হতো। সোলার লাইট স্থাপনের ফলে অন্ধকার দূর হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এটি সহায়ক হবে বলে আশা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর গ্রামের সড়কগুলো অন্ধকার থাকায় চলাচলে ভোগান্তি হতো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার লাইট স্থাপনের ফলে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি নিরাপত্তাও বাড়বে।
জানা গেছে, শিক্ষার্থীদের উদ্যোগে ২০১১ সালে বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬৫ জন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক ও খাদ্য সহায়তা, ঈদ উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সোলার লাইট স্থাপনকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু ইউসুফ শিপন, সভাপতি আব্দুল্লাহ আল নোমান (সিয়াম), সাধারণ সম্পাদক সম্রাট স্বপন ও সাংগঠনিক সম্পাদক নাজিম সরকার। এ সময় নবিনুর ইসলাম, আলামিন, এমডি রাজিব, রাকিব, ফারুক, আমিরুল, রহমত উল্লাহ, ইউনুস আলী, সুজন, মাহিদ ও রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠনের উদ্যোগে সড়কে ৮টি সোলার লাইট স্থাপন
-
Reporter Name - ০৪:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ৭৭
Tag :
জনপ্রিয়



















