প্রেস রিলিজ: বগুড়ার সোনাতলায় মাদক, জুয়া, ইভটিজিংসহ নানা সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশে কাজ করার প্রত্যয়ে ‘সোনাতলা সচেতন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় সোনাতলা শহীদ মিনার চত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও পর্যালোচনা সভায় সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় মো. জাকারিয়ার প্রস্তাবে আহ্বায়ক হিসেবে সহকারী অধ্যাপক (অব.) এটিএম গোলাম রকিবের নাম প্রস্তাব করা হলে উপস্থিতদের সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়। একইভাবে শাহারুল ইসলাম লাজুর প্রস্তাবে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো. সাজেদুর রহমান সুমনকে সদস্য সচিব করার প্রস্তাব দেওয়া হলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
সভায় জানানো হয়, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব পরামর্শের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করবেন।
আলোচনায় সংগঠনটির উপদেষ্টা পরিষদ নিয়ে একটি বিশেষ সিদ্ধান্তের কথাও জানানো হয়। সভায় মতামতের ভিত্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদে নির্দিষ্ট কিছু পদ বা ‘চেয়ার’ থাকবে; কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নামের জন্য পদ নির্ধারিত থাকবে না। এলাকার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ও সৃজনশীল ব্যক্তিরা দায়িত্ব অনুযায়ী উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারবেন।
মো. সাজেদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মাহিদুল ইসলাম। পরে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রস্তাবিত গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন গোলাম রব্বানী রোমান।
সভায় বক্তারা জানান, ‘সোনাতলা সচেতন নাগরিক ফোরাম’ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত হবে। ব্যক্তিগতভাবে সদস্যদের রাজনৈতিক মতাদর্শ বা পছন্দ-অপছন্দ থাকলেও সংগঠনের কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক চর্চা বা ব্যবহার করা যাবে না। প্রচলিত কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি সংগঠনের পদ-পদবিতে থাকতে পারবেন না; তবে সহযোগী হিসেবে সংগঠনের ভালো কাজে সহযোগিতা করতে পারবেন।
সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে মাদক, জুয়া, ইভটিজিং, অশ্লীলতা ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষা ও সাহিত্যচর্চার প্রসার, খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করা। পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
সভায় ছাত্র, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক এটিএম গোলাম রকিব ও সদস্য সচিব মো. সাজেদুর রহমান সুমনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 


















