স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে নিয়মিত অভিযানে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারিয়াকান্দি থানা পুলিশের একটি অভিযানিক দল সদর এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিজ বাটিয়া গ্রামের জিকো কুমার সাহা (৩৮) ও সঞ্জয় সরকার (২৪) নামে দুইজনকে আটক করা হয়।
আটক জিকো কুমার সাহা নিজ বাটিয়া গ্রামের ভবানন্দ সাহা ও নিভা রানী সাহার ছেলে। অপর আটক সঞ্জয় সরকার একই গ্রামের ইন্দ্রনাথ সরকার ও গীতা রানীর ছেলে।
পুলিশ জানায়, আটক দুজনকে থানায় নিয়ে আসার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে পুলিশ। তবে থানার আওতাধীন এলাকার পরিধি ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
এ অবস্থায় অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিকভাবে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।
Reporter Name 


















