সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ কিশোর গ্যাংয়ের ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্প। পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বুধবার (১৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হাটখোলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জালাল গ্রুপের ১১ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাবরুল হাটখোলাপাড়ার ইউসুফ প্রামাণিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৫), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৮), শুভ (২০), কাইয়ম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪) এবং কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)। এছাড়া অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একই উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী হাসান (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শাবরুল হাটখোলা এলাকার জহুরুল ইসলামের ছেলে।
র্যাবের দাবি, বাপ্পীর কাছ থেকে দুটি চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। তিনিও জালাল গ্রুপের সদস্য বলে জানায় র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


















