স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিনুর ইসলাম ওরফে গোলাপ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে আমিনুর ইসলাম ওরফে গোলাপকে গ্রেপ্তার করা হয়। সোনাতলা উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের মাঝিপাড়া মোড় থেকে দক্ষিণ চরপাড়াগামী সড়কে সাক্ষী মো. ইউনুছ খন্দকারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আমিনুর ইসলাম দক্ষিণ চরপাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. শামীম রহমানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাতলা উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাবুল প্রাংয়ের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে পৃথক মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


















