সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফিরোজ আলম ওই গ্রামের বারু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার জন্য টাকা না পেলে তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান ফিরোজ। তবে তাঁর বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ সময় বাবা-মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ফিরোজকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে যায়। এরপর স্থানীয়রা ফিরোজকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হীরক কুমার জানান, ফিরোজের মারধরে তাঁর বাবা আহত হয়েছেন। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে ফিরোজকে হেফাজতে নেয়। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাবা-মা লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে ফিরোজের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে।
Reporter Name 


















