স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দি দক্ষিণপাড়া এলাকায় এক অসহায় বিধবার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে তাঁর তিনটি ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ছাগলগুলো জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য দিঘলকান্দি দক্ষিণপাড়ার রহিমা বেগমের মেয়ে জোসনা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামীহারা জোসনা বেগমের সংসারে এই তিনটি ছাগলই ছিল আয়ের অন্যতম প্রধান অবলম্বন। ছাগলগুলো বিক্রি করে সংসারের প্রয়োজনীয় খরচ ও খাবারের ব্যবস্থা করতেন তিনি।
শুক্রবার (২১ আগষ্ট) দিবাগত রাতের অন্ধকারে চোরেরা ঘরের দরজা ভেঙে তিনটি ছাগল বের করে নিয়ে যায়। পরে সেগুলো জবাই করে মাংস নিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
একসঙ্গে তিনটি ছাগল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন জোসনা বেগম। স্থানীয়দের ভাষ্য, তাঁর আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। ছাগলগুলোই ছিল তাঁর শেষ সম্বল। এখন সেই সম্বলটুকুও হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি গবাদিপশু চুরির আতঙ্ক বেড়েছে। তাই রাতের বেলায় গবাদিপশু রাখার ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
অসহায় এই বিধবার পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, তিনটি ছাগল হারানোর ক্ষতি জোসনা বেগমের মতো অসহায় একজন মানুষের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়—এটি তাঁর বেঁচে থাকার অবলম্বন হারানোর মতোই।
Reporter Name 


















