গাবতলী (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি।
রোববার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় সেখানে গাবগাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সম্পাদক আমিজানুর রহমান মিন্টু, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ও পরিবেশবাদী নেতা ফজলে বারী রতন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।
পরে গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে গাবগাছের চারা রোপণ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কবীর রানা। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এরপর গাবতলী পৌরসভা চত্বরে আরও গাবগাছের চারা রোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিপ্লব কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলে রাব্বী রতন, আহসান হাবিব, রতন, তৌহিদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
Reporter Name 


















