স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে সরব হয়ে উঠছে নির্বাচনী মাঠ। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।
গণসংযোগ, কুশল বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক নির্বাচনী প্রতিবেদনের চতুর্থ পর্বে এবার উঠে এসেছে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা ও স্থানীয়দের ভাবনা।
স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, শহিদুল ইসলাম, পাভেল আহম্মেদ ও মেহেরুল ইসলাম।
সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন। পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তাদের এমন তৎপরতায় ইউনিয়নের রাজনৈতিক পরিবেশেও নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকা, রাজনৈতিক সমীকরণ কিংবা প্রার্থীদের অবস্থানে পরিবর্তন আসতে পারে। নতুন কোনো মুখও শেষ পর্যন্ত আলোচনায় যুক্ত হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় অবস্থান পরিষ্কার হওয়ার পর সোনাতলা সদর ইউনিয়নের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও ভোটের মাঠের সমীকরণও আরও পরিষ্কারভাবে সামনে আসবে।
সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক নির্বাচনী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকছে বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
Reporter Name 


















