স্টাফ রিপোর্টার: বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামে নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি দুই মেয়াদে নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি খামারি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে সাইফুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পাশের ধানক্ষেতে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ওসি।
Reporter Name 


















