স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ১০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন—সারিয়াকান্দি উপজেলার নারচী পশ্চিমপাড়ার নাঈম আকন্দ (২০) এবং সারিয়াকান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবেড় এলাকার আশিক মিয়া।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে নারচী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নাঈম আকন্দকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশিক মিয়াকেও আটক করা হয়।
পুলিশের দাবি, আটক আশিক মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
আটকের পর দুজনকে থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া অপরাধসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও এলাকাবাসীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
Reporter Name 


















