মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ভুয়া মাস্টাররোল তৈরি এবং বিক্রয়কেন্দ্রে নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল রাখার অভিযোগে ডিলার আব্দুর রশিদের ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুর রশিদ (৪২) উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
তিনি জানান, আব্দুর রশিদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৭০৭ বস্তা চাল বরাদ্দ ছিল। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার আগেই চাল বিতরণ শুরু করা হয়। পরে সাবেকপাড়া ও সুখানপুকুর খাদ্য গুদামের কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ বন্ধ করা হয়। ঘটনাস্থলে গিয়ে ৩৯৮ বস্তা চাল পাওয়া যায়। অভিযোগ রয়েছে, বাকি চাল বিক্রয়কেন্দ্রে না এনে অন্যত্র রাখার চেষ্টা করা হয়েছিল।
এছাড়া চাল বিতরণের মাস্টাররোলে অসঙ্গতি পাওয়া যায়। তদন্তে ১৫১ জনের নাম ভুয়া হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় ২৪ আগস্ট রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক মাহমুদা মোস্তাজিয়া বাদী হয়ে গাবতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুয়া মাস্টাররোল তৈরি এবং অসৎ উদ্দেশ্যে নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চালের কালোবাজারির সঙ্গে জড়িত। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হওয়ার পরও বিভিন্ন অনিয়মের মাধ্যমে চাল বিতরণ করে আসছিলেন বলে তারা দাবি করেন। একই ধরনের অনিয়মের সঙ্গে আরও কয়েকজন ডিলার জড়িত থাকতে পারেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্র তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিরপেক্ষভাবে তদন্ত করা হলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
এর আগে অনিয়মের খবর পেয়ে সোমবার বগুড়া থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মাদ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ার পর আব্দুর রশিদকে গাবতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Reporter Name 


















